মুহাম্মদ আবুবক্কর ছিদ্দিক মহেশখালী (কক্সবাজার): উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান, প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল এবং প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) মহেশখালী উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফারুক ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান।
মহেশখালীর উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নবনির্বাচিত কমিটি ঐক্য, পেশাদারিত্ব ও সততার মাধ্যমে প্রেসক্লাবকে আরও গতিশীল ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করবে বলে আমি বিশ্বাস করি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. আজমল হুদা, মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল, উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম বিএ এবং অ্যাডভোকেট হামিদুল হক।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজিজ সিকদার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মিজবাহ উদ্দীন আরজু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য মাওলানা আবদুর রহমান।
বক্তারা তাঁদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মহেশখালী উপজেলা প্রেসক্লাবকে সাংবাদিকদের ঐক্য, অধিকার রক্ষা ও পেশাগত উন্নয়নের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন করা হয়। শপথ গ্রহণকারী নেতৃবৃন্দ হলেন সভাপতি ফারুক ইকবাল, সাধারণ সম্পাদক আজিজ সিকদার, সাংগঠনিক সম্পাদক এ কে রিফাত, অর্থ সম্পাদক মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, দপ্তর সম্পাদক সুব্রত আপন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মিজবাহ উদ্দীন আরজু।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের হাতে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সবশেষে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ, মহেশখালী উপজেলার সার্বিক উন্নয়ন এবং উপজেলা প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সাংবাদিক ও সুধীজন নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে প্রেসক্লাবের অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।