নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: শুক্রবার (৩ জুলাই) পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগর গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের দক্ষিণপাড়া বড় মিনার মসজিদের পশ্চিম পাশে অবস্থিত বড় পুকুরের পাড়ে দীর্ঘদিনের ময়লার ভাগাড় পরিষ্কার করা হয়েছে। দীর্ঘদিনের দুর্গন্ধ ও পরিবেশ দূষণের অবসান ঘটিয়ে এ উদ্যোগে স্বস্তি ফিরে পেয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই স্থানে নির্বিচারে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছিল। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন রোগের জীবাণু বিস্তারের আশঙ্কাও বাড়ছিল। পরিচ্ছন্নতা অভিযান শেষে এলাকাটি এখন অনেক বেশি পরিষ্কার, স্বাস্থ্যকর ও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে।
এ সময় উপস্থিত ছিলেন দলিল লেখক ইকবাল হোসেন, ডালিম মাহমুদ, মো. সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য নেতৃবৃন্দ।
দলিল লেখক ইকবাল হোসেন বলেন, একটি ময়লার ভাগাড় শুধু পরিবেশ নষ্ট করে না, এটি ডেঙ্গুসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়। তাই নিজেদের পরিবার, সন্তান এবং সমাজের নিরাপত্তার স্বার্থে সবাইকে যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সচেতন ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জননেতা তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে আমাদের ২ নম্বর ওয়ার্ডকে চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদকমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।
পরিচ্ছন্নতা অভিযানে সার্বিক সহযোগিতা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এ জন্য সিটি প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর প্রত্যাশা, যে স্থানটি আজ পরিচ্ছন্ন করা হয়েছে সেখানে ভবিষ্যতে আর কেউ যেন ময়লা-আবর্জনা না ফেলেন।
একটি পরিচ্ছন্ন পরিবেশ কেবল সরকারের উদ্যোগে নয়, বরং প্রতিটি নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই গড়ে উঠতে পারে একটি পরিচ্ছন্ন, সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য দক্ষিণপাড়া এবং একটি সুন্দর নারায়ণগঞ্জ।