পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় মাদ্রাসার আরও তিন শিক্ষার্থীর বিরুদ্ধে নির্যাতনে সহযোগিতার অভিযোগ উঠেছে। ঘটনাটি শুরুতে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৪ জুলাই) অভিযুক্ত শিক্ষক আজিজ উল্লাহকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। তিনি বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ ইলিয়াসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী শিশুটি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়া আজিজিয়া নজিরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বেশ কিছুদিন ধরে সে শারীরিক সমস্যায় ভুগছিল। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টিকে পাইলসজনিত সমস্যা বলে মনে করেছিলেন। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, এটি পাইলস নয়; বরং শিশুটির সঙ্গে বলাৎকারের ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।এর পর বিষয়টি প্রকাশ পাই।