মোঃ আলমগীর হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল সিদ্ধিরগঞ্জে মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সহ এক মাদক কারবারি এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মানিক মিয়া (আইলপাড়া), মো. আবু তাহের (ঝালকুড়ি), মো. রাসেল কাজী ও মো. আল আমিন কাজী (মিজমিজি কান্দাপাড়া), রমজান (সুমিলপাড়া বিহারী ক্যাম্প) এবং মো. নাসির (রসুলবাগ মাঝিপাড়া)।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, মাদকবিরোধী অভিযানকে আরও কার্যকর করতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সিন্ডিকেটের মূল হোতাদের শনাক্ত করা প্রয়োজন।
তাদের ভাষ্য, আইনানুগ তদন্তের মাধ্যমে মাদক কারবারের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হলে মাদক নির্মূলে আরও ইতিবাচক ফল পাওয়া যাবে।
অভিযান শেষে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদক ও অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।