নিজস্ব প্রতিবেদক: পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কৃতি সন্তান, তরুণ ও নির্ভীক সাংবাদিক ওমর ফারুক বাপ্পি তাঁর বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন। এলাকায় সাধারণ মানুষের অধিকার, উন্নয়ন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে সাহসিকতার সাথে সংবাদ প্রকাশ করে তিনি ইতিমধ্যে সর্বমহলে একজন গ্রহণযোগ্য সংবাদকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সাংবাদিকতায় তাঁর এই সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তাঁকে বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা বিশিষ্ট ব্যক্তিত্ব শামসুল মুক্তাদি। উল্লেখ্য, শামসুল মুক্তাদি দক্ষিণ কোরিয়া দূতাবাস (ঢাকা)-এর সাবেক কর্মকর্তা, কানাডিয়ান হাইকমিশনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা এবং জাতিসংঘের ইউনেস্কো ফেলো হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
এক বার্তায় শামসুল মুক্তাদি বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। ওমর ফারুক বাপ্পির মতো তরুণ ও প্রতিভাবান সাংবাদিকরা যেভাবে পাহাড়ি অঞ্চলের তৃণমূলের মানুষের কথা, সংকট ও সম্ভাবনার চিত্র তুলে ধরছেন, তা সত্যিই প্রশংসনীয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তাঁর এই আপসহীন ভূমিকা আগামীতে আরও সুদূরপ্রসারী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করা একজন অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিত্বের কাছ থেকে এমন কাজের স্বীকৃতি ও ধন্যবাদ পাওয়ায় সাংবাদিক ওমর ফারুক বাপ্পির প্রতি অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ, সহকর্মী ও ঘুমধুম ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
এই শুভেচ্ছায় অনুপ্রাণিত হয়ে সাংবাদিক ওমর ফারুক বাপ্পি জানান, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। শামসুল মুক্তাদি স্যারের মতো একজন গুণী মানুষের কাছ থেকে ধন্যবাদ পাওয়া আমার সাংবাদিকতা জীবনের অন্যতম বড় অনুপ্রেরণা। আমি আগামীতেও পার্বত্য অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর থাকব।”
এলাকাবাসী মনে করেন, ওমর ফারুক বাপ্পির এই সাফল্য নাইক্ষ্যংছড়ি তথা পুরো বান্দরবান জেলার তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।