রিপোর্টার: মোঃ আলমগীর হোসেন: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকার খালপাড় জামে মসজিদের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. দিদার হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এবং এসআই (নিরস্ত্র) মিরাজ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক যাচাইয়ে গ্রেপ্তার দিদার হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।